বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনেই চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রনেতা রফী উদ্দিন ফয়সাল এলাকায় ফিরছেন।
রোববার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ভার্চুয়ালি ৫ সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক দিক নির্দেশনা দেন তারেক রহমান। সেখানে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে অংশ নেন ফয়সাল।
বৈঠক শেষে রফী উদ্দিন ফয়সাল বলেন, ‘এ আসন থেকে ৭ জনকে গুলশান কার্যালয়ে ডাকা হয়েছিল। সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দল থেকে যাকে মনোনয়ন দেবেন, আমরা সবাই তার পক্ষে কাজ করব।’
দীর্ঘদিন ধরে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে সংগঠনের নানা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় অবস্থান মজবুত করতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ফয়সাল।
স্থানীয় নেতাকর্মীরা বলছেন, রফী উদ্দিন ফয়সালের নেতৃত্বে বিএনপি সন্দ্বীপে নতুন করে সংগঠিত হচ্ছে। দলের অভ্যন্তরে তিনি তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় ও গ্রহণযোগ্য মুখ হিসেবে বিবেচিত। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এলাকাজুড়ে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
দলের সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রীয় নির্দেশনার পর ফয়সাল এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা ও তৃণমূলের সঙ্গে সংগঠন পুনর্গঠনের কাজ শুরু করবেন। সন্দ্বীপবাসীও আশাবাদী, তরুণ নেতৃত্ব মাঠে ফিরলে বিএনপি আসন্ন নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে পারবে।